সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানার সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) সকালে নিয়মিত তল্লাশির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে খবর পাওয়া যায় জাফলং থেকে সিলেটগামী একটি গেটলক বাসে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের পর তামাবিল চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে জাফলং থেকে সিলেটগামী গেটলক বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭৯৬) চেকপোস্টে পৌঁছালে পুলিশ সিগন্যাল দিয়ে বাসটি থামায়। তল্লাশির সময় এক যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানান, তার কাছে ভারতীয় মদ আছে। পরে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ থেকে রয়েল স্টেগ ব্র্যান্ডের ৪ বোতল এবং এসি ব্ল্যাক ব্র্যান্ডের ২ বোতলসহ মোট ৬ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের গায়ে ৩৭৫ মিলিলিটার লেখা রয়েছে।
আটক ব্যক্তির নাম অপু ব্যানার্জী (২৪)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের চাবাগান এলাকার বাসিন্দা। তাকে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, উদ্ধার করা মদ জব্দ করার পর অপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হাইওয়ে পুলিশ আরও জানায়, সীমান্তঘেঁষা এই এলাকায় ভারতীয় মদ পাচার প্রতিরোধে চেকপোস্টে নজরদারি ও তল্লাশির পরিমাণ বাড়ানো হয়েছে। মহাসড়কে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




