ছবি : সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ১০৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। একই সঙ্গে হল সংসদের জন্য জমা পড়েছে আরও ৮৫টি মনোনয়ন।
শনিবার রাত সোয়া ১০টার দিকে শাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মুখপাত্র নজরুল ইসলাম বলেন, শাকসু ও হল সংসদের জন্য মোট ২৫১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা পড়েছে ১৯১টি। এর মধ্যে শাকসুর জন্য সংগ্রহ হয়েছিল ১৪৫টি, আর ফেরত এসেছে ১০৬টি। অন্যদিকে ১০৬টি ফরম সংগ্রহ করে হল সংসদের জন্য জমা দেওয়া হয়েছে ৮৫টি।
আজ রবিবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট হলগুলোতে টাঙিয়ে দেওয়া হবে।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়। তফসিল অনুসারে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
জৈন্তা বার্তা/আরআর




