রাজপথে আন্দো*লন করে হলেও সিলেট-৬ আসনে ঘরে ঘরে গ্যাস পৌঁছানো হবে : অ্যাড. এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২৩ PM

গোলাপগঞ্জ–বিয়ানীবাজারে দু’টি ১০০ শয্যার হাসপাতাল করার পরিকল্পনা

রাজপথে আন্দো*লন করে হলেও সিলেট-৬ আসনে ঘরে ঘরে গ্যাস পৌঁছানো হবে : অ্যাড. এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৭:১৮:৪৫ PM

রাজপথে আন্দো*লন করে হলেও সিলেট-৬ আসনে ঘরে ঘরে গ্যাস পৌঁছানো হবে : অ্যাড. এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভবিষ্যৎ কর্মসূচিকে সামনে রেখে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ঘোষণা দিয়েছেন- আগামীতে বিএনপি সরকার গঠন করলে রাজপথে আন্দোলন করে হলেও গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে বিয়ানীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘১৯৯২ সালে এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশে দেশনেত্রী খালেদা জিয়া এ অঞ্চলে ঘরে ঘরে গ্যাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরবর্তী আওয়ামী লীগ সরকার তা বাস্তবায়ন হতে দেয়নি। এবার বিএনপি ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবেই।’

তিনি আরও জানান, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুটি ১০০ শয্যার হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মাস্টার প্ল্যানের মাধ্যমে বিয়ানীবাজার পৌরসভার উল্লেখযোগ্য উন্নয়ন করা হবে।

৫ আগস্টের পর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিলের ঝুঁকিতে পড়েছিল উল্লেখ করে এমরান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সাবেক জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে এসব প্রকল্প রক্ষা করা হয়েছে এবং বর্তমানে সেগুলোর কাজ চলমান।

‘যোগ্য জনপ্রতিনিধির অভাবে এ অঞ্চলে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এবার ধানের শীষকে বিজয়ী করে আমাকে সংসদে পাঠান— আপনাদের প্রতিটি সমস্যার খোঁজ নিয়ে উন্নয়ন বাস্তবায়ন করবো।’

সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম। পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আক্তার অনিক ও যুবদল নেতা রাজন আহমদ। অনুষ্ঠানে জেলা-উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদিন রাতে বিয়ানীবাজারের কুড়াবাজার ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৭ ডিসেম্বর) দিনভর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা ও ধানের শীষের প্রচারণা চালান প্রার্থীর কর্মী-সমর্থকেরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ