ছবি:সংগৃহীত
সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ইটভাটা শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শিল্পকে টিকিয়ে রাখতে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, অযথা হয়রানি বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, বর্তমানে ইটভাটা মালিকরা লাইসেন্স নবায়ন, পরিবেশগত ছাড়পত্র, জ্বালানি সংকটসহ নানা প্রশাসনিক জটিলতায় চরম সংকটে রয়েছেন। অথচ এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখো শ্রমিক ও তাদের পরিবার জড়িত। ইটভাটা শিল্প ক্ষতিগ্রস্ত হলে কর্মসংস্থান হ্রাস পাবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বিএনপি সবসময় ব্যবসাবান্ধব ও শিল্পবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। অতীতে বিএনপি সরকার ইটভাটা শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিল। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ইটভাটা মালিকদের যৌক্তিক দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরিবেশ সংরক্ষণ ও শিল্পের স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করা হবে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিলেট বিভাগ ইটপ্রস্তুতকারক মালিক গ্রুপের সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী আব্দুল আহাদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল আজিজ।
সভায় বক্তব্য রাখেন সৈয়দ মতিউর রহমান, প্রিন্সিপাল সিরাজুল হক, আমিনুল ইসলাম মুন্সি, নাসিম হোসাইন, জিয়াউল হক, চন্দন সাহা, ফজলু রহমান, কয়েছ আহমদ, ফখর উদ্দিন, অহিদ মিয়া, নুরুল আমিন, জুবেদুর রহমান ফারুক, মো. খলিল মিয়া, মো. আব্দুল মুহিত, আলতাফ হোসেন, আরিফ হোসেনসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় ইটভাটা মালিকরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাব তুলে ধরেন। তারা জানান, বর্তমান নীতিমালার কারণে অনেক ইটভাটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা নির্মাণ খাতে স্থবিরতা সৃষ্টি করছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বাস্তবসম্মত সমাধানের দাবি জানান তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




