সংগৃহিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশের সব ধরনের নির্বাচন সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। এই অবস্থায় শাকসু নির্বাচন আয়োজন আইনগতভাবে বৈধ নয়। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে শাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রচারণার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। রোববার সকাল সোয়া ১০টার দিকে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনের প্রচারণা কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দেয়। এতে প্রার্থীদের প্রচারণার সুযোগ বাড়ানোর প্রয়োজন দেখা দেয়।নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সময় পুনর্নির্ধারণ করা হয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী রোববার রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




