পর্যটক আকৃষ্ট করতে জাফলংকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪৩ AM

পর্যটক আকৃষ্ট করতে জাফলংকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৭:০৮:১২ PM

পর্যটক আকৃষ্ট করতে  জাফলংকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের প্রকৃতি কন্যা জাফলং তার ঐতিহাসিক অপরূপ সৌন্দর্যের জন্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। পাহাড় ও নদীর অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা জাফলং বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।

তিনি বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা করেই জাফলংকে নতুন রূপে সাজাতে হবে, যাতে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এখানে এসে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ও ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিলপূর্ব প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই অঞ্চলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি। জাফলং পাথর ও বালুর জন্যও বিখ্যাত উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষ এসব কাজে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ করে পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়ায় এই অঞ্চলের হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদের সঠিক ও পরিকল্পিত ব্যবহার এখন সময়ের দাবি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, জেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম সপনসহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ