ছবি:সংগৃহীত
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের অনিলগঞ্জ বাজারে দোয়া ও মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এ মালিক দেশের মানুষের সেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এম এ মালিক বলেন, ‘বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি দেশের মানুষের সেবার ব্রত নিয়ে সবকিছু ত্যাগ করে দেশে স্থায়ীভাবে ফিরে এসেছি। মানুষের দুঃখ-কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দেয়। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার অবহেলিত সড়ক, ব্রিজ ও জলাবদ্ধতার চিত্র দেখলে বোঝা যায় আমরা বহু বছর ধরে পিছিয়ে রয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে নিয়েছি। আল্লাহর কাছে অঙ্গীকার করেছি-মুনাফিক হয়ে নয়, কথা ও কাজে মিল রেখেই মানুষের পাশে থাকবো।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির কথা উল্লেখ করে এম এ মালিক বলেন, ‘এই কর্মসূচির আওতায় কৃষকদের জন্য কৃষি কার্ড এবং পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু করা হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকরা বিনা সুদে সার ও প্রয়োজনীয় সহায়তা পাবেন। পাশাপাশি প্রতিটি পরিবারে নারীদের জন্য মাসিক ২ হাজার ৫ শত টাকা সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।’
দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে সিলেটসহ সারাদেশে বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।’
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




