বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাই শহীদ জিয়ার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদান : কাইয়ুম চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫১ AM

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাই শহীদ জিয়ার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদান : কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৯:৪৮:৩২ PM

বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাই শহীদ জিয়ার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদান : কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শহীদ জিয়াউর রহমানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদান হলো বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, যা ভাষাভিত্তিক বাঙালি পরিচয়ের সীমা অতিক্রম করে দেশের সকল জাতিগোষ্ঠীকে একটি অভিন্ন জাতীয় সত্তায় ঐক্যবদ্ধ করেছে।

তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ এমন একটি দর্শন, যা দেশের ভূখণ্ড, সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার সমন্বয়ে বিকশিত হয়েছে। গ্রামকেন্দ্রিক উন্নয়ন দর্শন বাস্তবায়ন ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে শহীদ জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা থেকে জাতি গঠনের আজীবন সৈনিকে পরিণত হন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান রূপকার। স্বাধীনতার ঘোষণা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন, গ্রামমুখী অর্থনীতি এবং সার্বভৌম পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি দেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও গণমাধ্যম খাতে শহীদ জিয়ার অবদান বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির মূল প্রেরণা।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া, তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ বিএনপির সকল প্রয়াত নেতাকর্মী ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির ফখরুল ইসলাম ফারুক, মাহবুব কাদির শাহি, কামরুল হাসান শহিন, শাহাব উদ্দিন আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মুকিত, কোহিনূর আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আহাদ চৌধুরী শামিম, সরোয়ার রেজা, নুরুল আমিন দুলু, দেওয়ান জাকির, রহিম আলী রাসু, শাহিন আলম জয়, আহমেদ সোলেমান, জিএম বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ ও মুসল্লিগণ।

এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির আওতাধীন সকল থানা, উপজেলা, পৌরসভা, সিটি ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের ইউনিটসমূহেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ