ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের কোন প্রার্থীরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকছেন- সে চিত্র আজ মঙ্গলবারই পরিষ্কার হচ্ছে। আপিল শুনানি শেষ হওয়ায় এখন প্রার্থিতা প্রত্যাহারের পালা। এর পরপরই প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা এবং দেওয়া হবে প্রতীক। ফলে জানা যাবে, সিলেটে কারা থাকছেন শেষ ভোটযুদ্ধে, আর কারাই বা ছিটকে পড়ছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির শেষ দিন ছিল রবিবার। ওই দিনই সব আপিল নিষ্পত্তি করা হয়। ঋণখেলাপি, তথ্য গোপন ও দ্বৈত নাগরিকত্বসহ নানা অভিযোগে করা আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়।
ইসির তথ্যমতে, ১০ জানুয়ারি শুরু হওয়া আপিল শুনানীতে সারাদেশে মোট ৪১৭ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুধু শেষ দিনের শুনানিতেই আপিলে সাফল্য পান ২১ জন প্রার্থী। তবে একই দিনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আপিল হলেও সংশ্লিষ্ট সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, নির্বাচন কমিশন আইন ও বিধি অনুসরণ করেই সিদ্ধান্ত দিয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ইসিতে ৬৪৫টি আপিল জমা পড়ে। আপিল নিষ্পত্তির পর ৪১৭ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। অন্যদিকে, প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হলেও আপিল পর্যায়ে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে সিলেট অঞ্চলের ১৯টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই শেষে ১১০টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ৩৬টি মনোনয়ন বাতিল করা হয় বলে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।
আপিল নিষ্পত্তির পর এসব আসনে প্রার্থীর সংখ্যা আরও বাড়ে। তবে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে অনেকেই সরে দাঁড়াতে পারেন। এতে শেষ পর্যন্ত মাঠে থাকা প্রার্থীর সংখ্যা কমে আসবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেটে একাধিক আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে। দলীয় প্রার্থী, স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীদের অবস্থান আজকের সিদ্ধান্তের মধ্য দিয়েই চূড়ান্ত রূপ পাবে।
আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর আগামীকাল বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ১১ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এখন নির্বাচন প্রক্রিয়া প্রবেশ করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধাপে। সব মিলিয়ে আজকের দিনটি সিলেটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ। আজই নির্ধারিত হবে- শেষ ভোটযুদ্ধে কারা থাকছেন, আর কারাই বা পড়ছেন বাদ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




