শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে ফের বিক্ষোভ–প্রশাসনিক ভবনের সামনে অবস্থান
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫০ AM

শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে ফের বিক্ষোভ–প্রশাসনিক ভবনের সামনে অবস্থান

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৬ ০৫:৪৩:৫৩ PM

শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে ফের বিক্ষোভ–প্রশাসনিক ভবনের সামনে  অবস্থান

সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর থেকে তারা রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এদিন চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। তাদের প্রত্যাশা, শুনানি শেষে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) শাকসু নির্বাচনের ঘোষণা আসবে। তা না হলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করা হবে বলে তারা জানান।

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘আগামীকাল নির্বাচন না হলে শাকসু নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। এ অবস্থায় শিক্ষার্থীরা নীরব থাকবে না।’ তিনি দাবি করেন, নির্বাচন না হলে এর প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।ছাত্রশিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, চেম্বার জজ আদালতের রায়ের দিকে শিক্ষার্থীরা তাকিয়ে আছে। তবে রায় প্রত্যাশিত না হলে পরবর্তী কর্মসূচি শিক্ষার্থীরাই ঠিক করবে।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের আদেশ দেন। এ ঘোষণার পর নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দাবিতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন এবং সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নিয়ে আবার রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালু করা হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের আদেশের পর নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত হয়।উল্লেখ্য যে প্রতিবেদন লেখা অবধি শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে।

জৈন্তাবার্তা/সুলতানা