ছবি:সংগৃহীত
প্রবাসে সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের জন্য এইচআরআরএস গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড- ২০২৬ এ মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। আগামী ১৮ এপ্রিল ঢাকার হোটেল ৭১-এ আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
সাংবাদিকতা ক্যাটাগরিতে এ বছর আরও মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ড. স্নেহাশিস সুর এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
আনোয়ার শাহজাহান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি ১৯৯৬ সাল থেকে লন্ডন বিচিত্রা এবং ২০১৩ সাল থেকে আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ভূমি ও ভবন দাতা।
সাংবাদিকতার পাশাপাশি আনোয়ার শাহজাহান একজন সুপরিচিত লেখক। বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত তাঁর একাধিক গ্রন্থ পাঠক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
প্রবাস জীবনেও তিনি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করার পাশাপাশি লন্ডন-বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি শিক্ষাব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়া বাংলাদেশে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিদাতা হিসেবেও তিনি পরিচিত।
প্রবাসীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন,তার স্বীকৃতিস্বরূপ এইচআরআরএস গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ এ আনোয়ার শাহজাহানকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




