রাতে সিলেটে আসছেন তারেক রহমান
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৪১ AM

রাতে সিলেটে আসছেন তারেক রহমান

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০২:২৭:১৯ PM

রাতে সিলেটে আসছেন তারেক রহমান


সিলেট জেলা ও মহানগর বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা থেকে আকাশপথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। 

এরপর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করবেন বিএনপি প্রধান।

বুধবার (২১ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়নবঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।

এদিকে, বৃহস্পতিবারের জনসভা ঘিরে সিলেটজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী।

দলীয় সূত্রে জানা গেছে, আলিয়া মাদরাসা মাঠের এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এরপর তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। পথে তিনি মৌলভীবাজার জেলার শেরপুর এবং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় বক্তব্য দেবেন। এসব জনসভায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। 

ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

জানা গেছে, বিএনপি প্রধানের সিলেট সফর ও জনসভা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তৈরি করা হয়েছে ৬ স্তরের নিরাপত্তা বলয়।

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তারেক রহমান যে সকল ভেন্যুতে যাবেন, সেখানে চলাচলের পথে নিরাপত্তা দেওয়া হবে। পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে।

জৈন্তা বার্তা/আরআর