শাকসু ভোটের এক দফা দাবিতে শাবিপ্রবিতে আন্দোলন তীব্র, শা*টডাউনের হু ম কি
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৪২ AM

শাকসু ভোটের এক দফা দাবিতে শাবিপ্রবিতে আন্দোলন তীব্র, শা*টডাউনের হু ম কি

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৫:০৮:১৩ PM

শাকসু ভোটের এক দফা দাবিতে শাবিপ্রবিতে আন্দোলন তীব্র, শা*টডাউনের হু ম কি

সংগৃহিত


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে এবার একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মোট ২৮টি বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত থেকে ধারাবাহিকভাবে বিভাগগুলো ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করে। রাত গভীর হওয়ার পর সর্বশেষ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের কথা জানায়। শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় ক্ষোভ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও আঞ্চলিক সংগঠনও পৃথক বিবৃতি দিয়েছে।

এর আগে মঙ্গলবার দিনভর প্রশাসনিক ভবন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে রাত সোয়া ৮টার দিকে আন্দোলনকারীরা সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানান।আন্দোলনকারীরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই শাকসু নির্বাচন আয়োজনের এক দফা দাবি জানিয়েছেন। দাবি আদায় না হলে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণাও দেন তারা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সেখানে শাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, শাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সময়, অর্থ ও শ্রম ব্যয় করেছেন। হাইকোর্ট নির্বাচন স্থগিতের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার জজ আদালতে আপিল করেছে বলেও জানান তিনি।ফয়সাল হোসেন বলেন, শাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের অনুমোদন রয়েছে, যা আন্দোলনকারীদের দাবির পক্ষে একটি শক্ত ও বৈধ ভিত্তি। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ২১ দিন আগে অন্য কোনো নির্বাচন না করার যে নীতিমালা রয়েছে, তা শিথিল করে শাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে এখনো বিশ্ববিদ্যালয়ের আপিলের শুনানির বিষয়টি চেম্বার জজ আদালতের কার্যতালিকায় যুক্ত হয়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিবিরসমর্থিত প্যানেল ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’র ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের মাধ্যমে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রয়োজনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দেওয়া হবে।সংবাদ সম্মেলনে ছাত্রদলসমর্থিত প্যানেল ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’র ভিপি প্রার্থী মোস্তাকিম বিল্লাহ, স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ারসহ বিভিন্ন প্যানেলের প্রার্থী, সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেও দুই প্রার্থী ও একজন শিক্ষার্থীর করা রিটের পর হাইকোর্ট চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন। এর প্রতিবাদে টানা তিন দিনের আন্দোলনের পর মঙ্গলবার রাতে সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

জৈন্তাবার্তা/সুলতানা