ছবি:সংগৃহীত
সিলেট-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন পরিচালনা কমিটির সভা বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর রিকাবিবাজারস্থ পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক খায়রুল হাসানের সভাপতিত্বে ও প্রচার উপপরিষদের আহ্বায়ক দেবব্রত পাল মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাসরুর জলীল, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাতী, রিকশা-ভ্যান-ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা ইব্রাহিম খলিল, ছাত্র ইউনিয়ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জুবায়ের আহমদ, নাজনীন লিজাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বুধবার সকাল ১১টায় অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশাসনকে নিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত ভূমিকা পালনের আহ্বান জানান।
নির্বাচন পরিচালনা কমিটির সভায় বক্তব্যে আনোয়ার হোসেন সুমন বলেন, আগামীকাল থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। তিনি উপস্থিত নেতাকর্মীদের ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভোট প্রদানে উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাস্তে প্রতীকের কোনো বিকল্প নেই। বঞ্চিত সিলেটের ন্যায্য দাবি আদায়ে সংসদে সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকারও তিনি ব্যক্ত করেন।
সভায় সিদ্ধান্ত হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সিলেট-১ আসনে সিপিবি মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করা হবে। এ উপলক্ষে তিনি সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার কার্যক্রম পরিচালনার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। নির্বাচিত হলে সিলেটের সার্বিক উন্নয়নে সংসদে কার্যকর ও সোচ্চার ভূমিকা রাখবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




