ছবি:সংগৃহীত
বিএনপি নেতা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু হওয়া দেশের বহুদলীয় গণতান্ত্রিক চর্চাকে আরও সুসংহত করবে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিচ্ছে। আমরা এমন একটি বাংলাদেশ রাষ্ট্র চাই, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত থাকবে এবং ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হতে হবে না।
মাহবুব চৌধুরী আরও বলেন, এই জনসভা কেবল একটি নির্বাচনী আয়োজন নয়, বরং বিগত দিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি শক্তিশালী বহিঃপ্রকাশ। ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা এখন একটি বড় চ্যালেঞ্জ। বিএনপি একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করার আহ্বান জানান তিনি।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফল করতে প্রস্তুতির অংশ হিসেবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




