ছবি:সংগৃহীত
সিলেটের দুই ওলি হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেন তারেক রহমান। এর আগে রাত ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত তাঁর শ্বশুরবাড়ি
বিরাইমপুর গ্রামে যান বিএনপি প্রধান। সেখান থেকে ফিরে বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তিনি রাত্রিযাপন করবেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য
প্রয়াত চেয়ারপর্সন বেগম খালেদা জিয়া সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করতেন। এরই ধারাবাহিকতায় সেই সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ছেলে তারেক রহমান। আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা দেবেন। এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় দুপুর আড়াইটার দিকে যোগ দেবেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক কয়েকটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তাঁকে ঘিরে বাড়তি আগ্রহ দেখা গেছে। নগরের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ভরে উঠেছে পরিবেশ। নির্বাচনী জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠের উঁচু-
নিচু অংশ সমান করতে ব্যবহার করা হচ্ছে রোলার। পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাজসজ্জা কাজে নিয়োজিত কর্মীরা। মঞ্চের সামনে ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা রাখা হচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের সিলেট সফর নির্বিঘœ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর এই সফর ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




