ছবি:সংগৃহীত
পুরোনো রীতি অনুযায়ী এবারও সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করছে বিএনপি। সিলেটে পৌঁছে বুধবার রাতেই হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারতের করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন তিনি।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তাঁকে ঘিরে বাড়তি আগ্রহ দেখা গেছে। নগরের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ভরে উঠেছে পরিবেশ।
নির্বাচনী জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বালু ফেলে সমতল করা হয়েছে মাঠের উঁচু-নিচু অংশ। মঞ্চের সামনে ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা রাখা হচ্ছে।
বুধবার বিকেলে জনসভাস্থলে গেলে দেখা গেছে, সুনামগঞ্জ ও সিলেটের দুরবর্তী উপলোরগুলোর নেতাকর্মীরা ইতোমধ্যে জনসভাস্থলে এসে জড়ো হতে শুরু করেছেন। অনেকে রাতেই মাঠে রাত্রিযাপন করবেন। তাদের জন্য মাঠের ডানপাশে বিশাল শামিয়ানা টানানো হয়েছে। পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নগরীর বেশিরভাগ আবাসিক হোটেল ও কমিউনিটি সেন্টার ভাাড়া করে সমাবেশে আগত নেতাকর্মীদের জন্য রাতযাপন ও খাবারের ব্যবস্থা করেছে জেলা ও মহানগর বিএনপি।
জনসভাস্থলে কথা হয় রিকশাচালক আনোয়ার পাগলার সাথে। তিনি জানান, ‘অতীতেও বিএনপির সবকটি জনসভায় তিনি অংশগ্রহন করেছেন। এরই ধারাবহিকতায় তিনি গতকালই সিলেটে এসেছেন।’ দুদিন ধরেই তিনি আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করছেন।’
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের সিলেট সফর নির্বিঘœ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর এই সফর ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘প্রথম নির্বাচনী জনসভা সিলেটে হওয়ায় আমরা প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মাঠ, আশপাশের এলাকা এবং সার্বিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, ‘বৃহস্পতিবার সকাল ১১টায় আলিয়া মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ওই সমাবেশে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
জনসভা শেষে বিকেল সাড়ে তিনটায় সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে পৌঁছে একটি জনসভায় বক্তৃতা দেবেন তিনি। পরে হবিগঞ্জে আরেকটি সভায় অংশ নিয়ে জেলার চারটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে সিলেট মহানগরে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই সফরের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। যে সব স্থানে তারেক রহমান যাবেন এবং যেসব সড়ক দিয়ে চলাচল করবেন, সব জায়গায় পোশাকধারী ও সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




