একটি মহল ব্যালট ডা*কাতির ষ*ড়যন্ত্র করছে: সিলেটে তারেক রহমান
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৭ AM

একটি মহল ব্যালট ডা*কাতির ষ*ড়যন্ত্র করছে: সিলেটে তারেক রহমান

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০২:৫১:৪০ PM

একটি মহল ব্যালট ডা*কাতির ষ*ড়যন্ত্র করছে: সিলেটে তারেক রহমান

ছবি নিজস্ব


যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো একটি মহল এখন ব্যালট ডাকাতির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে- যেকোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে পারে। এবারও পারবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিএনপি প্রধান বলেন, বিএনপি এবার নির্বাচিত হলে নবী করিম (সা.) এর ন্যায়পরায়নতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে। একটি মহল মানুষকে নির্বাচনের আগেই ঠকাচ্ছে। এরা নির্বাচনের পরেও ঠকাবে। কারণ যেটার মালিক আল্লাহ, সেটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। অথচ তারা বলছে এটা দিবে, ওটা দিবে। এরা শিরক করছে।

অমুক দেখেছি, তমুক দেখেছি, এবার নতুন কিছু দেখেন- যারা এরকম বলছে তাদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, এসব লোকদের ১৯৭১ সালেই মানুষ দেখে নিয়েছে। তাদের কারণে মুক্তিযুদ্ধে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। তাদের কুফরির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই।

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়াবো। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। ১২ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারবো।

কীভাবে বাংলাদেশকে একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি উল্লেখ করে তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে পরিবারের সকলের সহযোগিতা বাড়বে। এজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সকল শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করতে চাই। লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে গড়ে তুলতে চাই।

এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটের সময় জনসভার মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভাস্থল।

মঞ্চে উঠে তারেক রহমান দুই হাত তুলে সবাইকে অভিবাদন জানান। এ সময় লাখো নেতকর্মীও তাকে পূণ্যভূমি সিলেটে স্বাগত জানান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে, কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা।

তিনি বলেন, আজকে একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী। আজকে লড়াই এদের বিরুদ্ধে। 

জনসভার মঞ্চে ওঠার আগে বৃহস্পতিবার সকালে হোটেল গ্রান্ড সিলেটে তরুণ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান।

গতকাল বুধবার রাত ৭টা ৫৬মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সিলেটের জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। পথে তিনি প্রথমে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এবং পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদের মাঠে আয়োজিত সভায় যোগ দেবেন।

পরে তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর পার্কে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জ গাউসিয়া এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেবেন।

জৈন্তা বার্তা/আরআর