স্বাধীনতায় অবিশ্বাসীরা দেশ গড়ার কথা বলছে: সিলেটে মির্জা ফখরুল
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৬ AM

স্বাধীনতায় অবিশ্বাসীরা দেশ গড়ার কথা বলছে: সিলেটে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৪:১৮:৩৫ PM

স্বাধীনতায় অবিশ্বাসীরা দেশ গড়ার কথা বলছে: সিলেটে মির্জা ফখরুল


বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস না করা একটি দল দেশ গড়ার কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন, এই দলটাকে আপনারা চিনেন? এই দল কী ভোট পাবে? বাংলাদেশে এদের কোনো জায়গা আছে? এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি। আজ নতুন করে তারা বাংলাদেশ গড়ার কথা বলছে। আমাদের সাবধান থাকতে হবে- যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, সেই সব দল ও ব্যক্তির হাত থেকে।

জামায়াতে ইসলামিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আজ একটি রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে, মিথ্যা কথা বলছে, আমাদের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- এমনকি তারেক রহমানের বিরুদ্ধেও।

বিএনপিকে উদারপন্থী দাবি করে তিনি বলেন, বিএনপি সবসময় একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা পেছনে ফিরে তাকাই না, সামনে এগিয়ে যাই।

বিগত আওয়ামী লীগের সময়ে গুম-খুন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। মিথ্যা মামলা সহ্য করেছে। গুম হয়েছে- কিন্তু কখনো মাথা নত করেনি।

২০১২ সাল থেকে নিখোঁজ থাকা বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা বলতে গিয়ে তিনি বলেন, সিলেট এম এ জি ওসমানী, এম সাইফুর রহমান ও ইলিয়াস আলীর জন্মভূমি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছেন।

দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলেই বাংলাদেশকে গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়া সম্ভব বলে দাবি করেন তিনি।

সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

জৈন্তা বার্তা/আরআর