ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাদের আগমনকে ঘিরে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাদের স্বাগত জানান।
জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী জনাব এম এ মালিক। তিনি বলেন,
‘আজ আমাদের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে ধানের শীষকে বিজয়ী করে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’
এম এ মালিক মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি মহান আল্লাহর সহায়তা কামনা করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক’ এবং ‘তারেক রহমান জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে তার বক্তব্য শেষ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আবদুল কাইয়ুম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি প্রার্থী এবং স্থানীয় নেতারা।
জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জসহ সিলেট মহানগরের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষাধিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




