ছবি:সংগৃহীত
সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল হওয়ায় সিলেটের সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।
এক বিশেষ বার্তায় তিনি বলেন, পুণ্যভূমি সিলেটের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা প্রদর্শন করেছেন, তা কোনোদিন শোধ করার মতো নয়। তিনি বলেন, জনসভা উপলক্ষে সিলেটের সর্বস্তরের মানুষ আগেভাগেই সমাবেশস্থলে উপস্থিত হয়ে যে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন, তার সফলতা সিলেটবাসীসহ তার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের আপামর জনতার অবদান।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেটের মানুষ আবারও প্রমাণ করেছেন, তারা কীভাবে আপনজন, আত্মীয় ও জামাইকে সম্মান দিতে জানেন। বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে এই বিশাল আয়োজন সফল করেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ব্যবসায়ীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সিলেটের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে-দেশের মানুষ পরিবর্তন চায়। আগামী দিনের প্রতিটি আন্দোলন ও সংগ্রামেও সিলেটবাসীর এই ঐক্যবদ্ধ শক্তি অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া তিনি রাজনৈতিক সহযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যেন সিলেটের উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ে তিনি সর্বদা সোচ্চার ভূমিকা রাখতে পারেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




