ছবি:সংগৃহীত
মেহনতি মানুষের মুক্তি, বৈষম্যহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠা এবং মহিমান্বিত সিলেট গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি তার প্রচারণার সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়, সহ-সভাপতি ডা. অভিজিৎ দাস জয়, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট বিদ্যুৎ দাশ বাপন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাসরুক জলীল, সাধারণ সম্পাদক শাহীন ফকির, নাজনীন লিজা, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মনীষা ওয়াহিদ, রিকশা-ভ্যান-ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আনিছ খানসহ তাজুল ইসলাম, শামীম আহমদ খান, ইব্রাহিম খলিল, সবুজ আহমদ প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এডভোকেট সুমন বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পথচলায় সিলেটবাসী সবসময় তার পাশে ছিলেন। বিশেষ করে সাম্প্রতিক রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের আন্দোলনে কারাবরণকালে সিলেটের সংগ্রামী মানুষ যে সংহতি দেখিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারও ভোটের মাঠে সিলেটবাসী তার পাশে থাকবে এবং কাস্তে মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর গণ-অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই পার্টির নির্দেশে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। দেশ থেকে দুর্নীতি নির্মূল করে সাম্যের সমাজ প্রতিষ্ঠা এবং সিলেটকে একটি পরিচ্ছন্ন ও স্বপ্নের নগরী হিসেবে গড়ে তুলতে তিনি নগরবাসীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে এডভোকেট সুমন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিন্দাবাজার এলাকায় গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




