গণতান্ত্রিক সমাজ নির্মাণে মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৪ AM

গণতান্ত্রিক সমাজ নির্মাণে মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ১০:১৬:৫৭ PM

গণতান্ত্রিক সমাজ নির্মাণে মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল

ছবি:সংগৃহীত


সিলেট-১ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে মই মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট সদর উপজেলার নোয়াগাঁও এবং নগরীর ধোপদীঘিরপার ও বাঘবাড়ী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

প্রণব জ্যোতি পাল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৮ কোটি মানুষের দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। তিনি অভিযোগ করে বলেন, অতীতের ১২টি জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সংসদগুলোতে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটেনি। সংসদ কোটিপতি, দুর্বৃত্ত ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল।

তিনি আরও বলেন, এই গোষ্ঠী সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার হরণ করেছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে এবং শিক্ষা ও চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে। গত ৫৪ বছরে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারগুলো কার্যত অনুপস্থিত।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মই মার্কায় ভোট দিয়ে গণতান্ত্রিক সমাজ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ নেতা মনজুর আহমদ ও মামুন বেপারি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি শহীদ আহমদ, চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বীরেন সিং, কান্দিগাঁও ইউনিয়নের বাসদ নেতা নুরুল ইসলাম, ৩৯ নম্বর ওয়ার্ডের নেতা আনোয়ার হোসেন কুটি ও প্রিতম রায় এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীসহ অন্যান্য নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ