ছবি:সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশমাতা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তারা কখনো কারো কাছে মাথানত করেননি। আমরাও কারো দাসত্ব করব না, নিজের শক্তিতেই সামনে এগিয়ে যাব।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা এবং টুকেরবাজারে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, দাসত্বের শৃঙ্খল মানুষের চিন্তাকে বন্দি করে এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করে। কোনো শক্তির করুণায় নয়, নিজেদের ঐক্য ও সক্ষমতার ওপর ভর করেই একটি স্বয়ংসম্পূর্ণ, মর্যাদাবান ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছে। বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই মানুষের ভাগ্য উন্নয়নসহ সার্বিক অগ্রগতি সাধিত হয়েছে। ধানের শীষ গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক উল্লেখ করে তিনি দেশ ও মানুষের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিল্লোর রহমান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি হাজী আব্দুর রকীব, সওকত আলী বাবুল, অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জমিয়তে উলামা ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলা সুহেল আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




