ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা ফুটবলার জামাল ভূঁইয়া বলেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবলের এমন আয়োজন সত্যিই মুগ্ধ করার মতো। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে দেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌর শহরের বিশ্বনাথেরগাঁও গ্রামের পুষ্প সৌরভ স্পোর্টিং ক্লাব মাঠে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আয়োজিত ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাল ভূঁইয়া।
তিনি বলেন, প্রথমবারের মতো বিশ্বনাথে এসে একটি অসাধারণ ম্যাচ উপভোগ করার সুযোগ পেয়েছি। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, মন দিয়ে খেলতে হবে। মনোযোগ ও পরিশ্রম থাকলে যেকোনো খেলোয়াড় একদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে উপজেলার আটটি ইউনিয়নের আটটি ফুটবল দল অংশগ্রহণ করে।
ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে লামাকাজী ইউনিয়ন ফুটবল দল ১(৩)-১(১) ব্যবধানে বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলায় প্রথমার্ধের ১৫ মিনিটে লামাকাজী ইউনিয়ন দলের মোবিন গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে বিশ্বনাথ ইউনিয়ন দলের জামাল গোল করে ম্যাচে সমতা ফেরান।
টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল ও সেরা গোলকিপার নির্বাচিত হন লামাকাজী ইউনিয়ন দলের মোজাক্কির। সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন বিশ্বনাথ ইউনিয়ন দলের সিপন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লামাকাজী ইউনিয়ন দলের শাহাদৎ।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুহেল মিয়ার সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আব্দুল আহাদ ও মোহাম্মদ আলী লিটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য নূর হোসাইন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ্ব রইছ আলী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারসহ আরও অনেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির সদস্য সাহাব উদ্দিন সাবুল, তারেক আহমদ খজির, ছাইফ উদ্দিন, হেলাল মিয়া, দেলওয়ার হোসেন, ওয়াসিম উদ্দিন, নিজাম উদ্দিন, লিটন আহমদসহ প্রবাসী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




