ছবি:সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশ যখন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী নির্বাচনের নামে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো ধরনের নীলনকশা এ দেশের মানুষ মেনে নেবে না।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজারে বিএনপি ও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশের আগে তিনি চিকনাগুল এলাকার ঘাটেরচটি, কহাইগড় (২য় খণ্ড), গ্যাসফিল্ড ও পানিছড়া কালিবাড়ীতে গণসংযোগ করেন। পাশাপাশি জামিয়া আরবিয়া তা’লীমুল কুরআন কান্দি মাদ্রাসায় আয়োজিত দোয়া মাহফিলেও অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ‘একটি দল পর্দার আড়াল থেকে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা জনগণের ভোটাধিকারকে বিশ্বাস করে না বলেই অন্ধকার পথে হাঁটছে। কিন্তু সিলেটের মাটি ও মানুষ অতীতেও সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না।’
তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা ও স্পষ্ট বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। কোনো অবস্থাতেই এসব চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিপক্ষের ষড়যন্ত্রে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সমাবেশ ও পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, এবিএম জাকারিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ সিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মছদ্দর আলী।
এছাড়া দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ চিকনাগুল ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল মালিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




