সিলেটে ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য প্রতিমা শোভাযাত্রায় সরস্বতী পূজা সম্পন্ন
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৩৭ AM

সিলেটে ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য প্রতিমা শোভাযাত্রায় সরস্বতী পূজা সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ১১:২৫:০৭ PM

সিলেটে ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য প্রতিমা শোভাযাত্রায় সরস্বতী পূজা সম্পন্ন

ছবি:সংগৃহীত


সিলেটে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। গত শুক্রবার শ্রীপঞ্চমী তিথিতে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যা ও সুরের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করেন।

সিলেটের শত বছরের ঐতিহ্যকে ধারণ করে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন পয়েন্ট থেকে বর্ণাঢ্য প্রতিমা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

শ্রীশ্রী সরস্বতী পূজা ও শোভাযাত্রা পরিচালনা কমিটির আহ্বায়ক সদীপ রঞ্জন সেন বাপ্পুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার দেবের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এসময় কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় নগরীর বিভিন্ন মণ্ডপ ও প্রতিষ্ঠানের কয়েকশ প্রতিমা অংশগ্রহণ করে। শোভাযাত্রাকে কেন্দ্র করে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন।

শোভাযাত্রা পরিচালনা কমিটি জানায়, প্রতি বছরের মতো এবারও সুশৃঙ্খলভাবে এবং ধর্মীয় মর্যাদা বজায় রেখে নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করা হয়। এই আয়োজনের মাধ্যমে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ