ছবি:সংগৃহীত
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচারণা বৈধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ঘোষণা দেন, ‘আইনগত, নৈতিক ও আন্তর্জাতিকভাবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচারণা বৈধ।’
আলী রিয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক, নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।” তিনি আরও বলেন, দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার, যেখানে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। জুলাই সনদ সেই সুযোগ তৈরি করে দেবে বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা ও সচেতন অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জুলাই সনদ নিয়ে বিভিন্ন অপপ্রচারের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ‘সনদে বিসমিল্লাহ নেই, এটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী-এমন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো, অনেক রক্তের বিনিময়ে নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা হেলায় হারানো যাবে না।’
সভায় বক্তারা গণভোটকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সভায় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




