প্রতীকী ছবি
সিলেটের কানাইঘাট উপজেলায় মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাপায় প্রাণ গেছে হাফিজুর রহমান (১৩) নামে এক কিশোরের। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর ইউনিয়নের বীরদল হাওরের সানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত হাফিজুর কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের কুয়েত প্রবাসী আবুল কাশেমের একমাত্র পুত্র এবং নিজ চাউরা কিণ্ডারগার্টেন হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানান, হাফিজুর রহমান তার মা ও দুই বোনকে নিয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সন্ধ্যার দিকে মামার বাড়ি থেকে বের হয়ে পাশের সড়কে আসার সময় দ্রুতগতিতে আসা একটি মাটি বহনকারী ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে এবং ট্রাক্টরটি তার গায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের সুরতহাল সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য তাদের হেফাজতে নেয়।
জৈন্তা বার্তা/আরআর




