ছবি:সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের কেবল “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের মেধা, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ জরুরি।
রোববার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেট অঞ্চলের একটি বড় অংশের মানুষ বিদেশে বসবাস করেন। বিশেষ করে নতুন প্রজন্মের অনেক মেধাবী তরুণ ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের দেশের সঙ্গে সম্পৃক্ততা কেবল আবেগের বিষয় নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করে।
এর আগে আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলার গুলতি চা-বাগান এবং জৈন্তাপুর উপজেলার লালাখাল চা-বাগানে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও দাবি-দাওয়া শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নতুন প্রজন্ম বিদেশে বেড়ে ওঠায় তারা বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরাপত্তাকে গুরুত্ব দেয়। সিলেটসহ গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা আইটি পার্ক স্থাপন করে প্রবাসীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা গেলে তারা দেশে বিনিয়োগে আগ্রহী হবে। এতে জাতীয় অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। এজন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুন্দর পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।
চা-বাগান শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকরা অবহেলা ও বঞ্চনার শিকার। নির্বাচিত হলে তাদের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
এসময় পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ বিলাল, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মসব্বির, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, লালাখাল ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ জালাল, লালাখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারিছ উদ্দিন, কৃষকদলের আহ্বায়ক আব্দুল করিম, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমল হোসেন, সদস্য ফয়সল আহমদ, জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




