কর্মজীবী নারীদের মুখোমুখি মুক্তাদির, মাঠে নামলেন স্ত্রী জাকিয়া ইয়াসমিন
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৩৪ AM

গণসংযোগ,নির্বাচনী কার্যালয় উদ্বোধন,উঠান বৈঠক , ওয়ার্ডভিত্তিক সভা ও সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময়

কর্মজীবী নারীদের মুখোমুখি মুক্তাদির, মাঠে নামলেন স্ত্রী জাকিয়া ইয়াসমিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ০৯:২৭:২০ PM

কর্মজীবী নারীদের মুখোমুখি মুক্তাদির, মাঠে নামলেন স্ত্রী জাকিয়া ইয়াসমিন

ছবি:সংগৃহীত


সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন। দিনভর গণসংযোগ, উঠান বৈঠক, কর্মজীবী নারীদের সাথে মতবিনিময়, নির্বাচনী কার্যালয় উদ্বোধন, সংস্কৃতিকর্মী ও বিশিষ্টজনদের সাথে সভাসহ নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। একই সঙ্গে ধানের শীষের প্রচারণায় মাঠে নামেন তাঁর সহধর্মিণী জাকিয়া ইয়াসমিন। এসব কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ও স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা গেছে।

নগরজুড়ে গণসংযোগ

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর আখালিয়াঘাট থেকে গণসংযোগ শুরু করেন খন্দকার আব্দুল মুক্তাদির। পরে তপোবন ও সুরমা আবাসিক এলাকা, লেক সিটি, নয়াবাজার, মাউন্ট এডোরাসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ধানের শীষ প্রতীকের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানান এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন।

গণসংযোগকালে মুক্তাদির বলেন, সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সিলেটের অনেক এলাকায় কৃষি উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। খাল খনন ও পরিকল্পিত উদ্যোগ নিলে জেলায় অতিরিক্ত প্রায় ৮ লাখ টন ফসল উৎপাদন সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা হবে বলেও জানান তিনি।

নির্বাচনী কার্যালয় উদ্বোধন

রোববার সকাল ১০টায় শহরতলীর সোনাতলায় সদর উপজেলা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর যুবদলের সভাপতি আবুল হাসনাতসহ নেতৃবৃন্দ।

মাঠে নামলেন মুক্তাদির পত্নী জাকিয়া ইয়াসমিন

রোববার বিকেল সাড়ে ৩টায় প্রধান নির্বাচনী কার্যালয় থেকে ধানের শীষের প্রচারণায় মাঠে নামেন খন্দকার মুক্তাদিরের সহধর্মিণী জাকিয়া ইয়াসমিন। ১৩ নম্বর ওয়ার্ডের কাজীরবাজার, মোগলটুলাসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। এসময় বিপুলসংখ্যক নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

কর্মজীবী নারীদের মুখোমুখি মুক্তাদির

রোববার বিকেলে নগরীর কুমারপাড়ার একটি হলরুমে কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের অনেক খাল বন্ধ ও নদী ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিচ্ছে। এখনই নদী খনন ও খাল উদ্ধার না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হবে। নির্বাচিত হলে এ সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

উইমেন ফর উইমেন রাইটস-এর সভাপতি সামিয়া বেগম চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় শতাধিক নারী অংশ নেন। মুক্তাদির বলেন, ফ্রিল্যান্সারদের জন্য অবকাঠামো তৈরি করা গেলে সিলেটেই কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং রোধে সামাজিক সচেতনতা ও ক্লাবভিত্তিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। চা শিল্পে সোলার প্যানেল স্থাপন করে বাগানের আয় বাড়ানো হলে শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি সম্ভব হবে।

উঠান বৈঠক ও ওয়ার্ডভিত্তিক সভা

শনিবার রাতে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত উঠান বৈঠক ও খাদিমপাড়ার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সভায় বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসব সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সিভিক্স ভয়েজ ও সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময়

রোববার আদালত প্রাঙ্গণ ও বন্দরবাজার এলাকায় সিভিক্স ভয়েজের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। পাশা খন্দকার (এমবিই) বলেন, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা বাস্তবায়িত হবে।

রোববার সন্ধ্যায় সারদা হলে সিলেটের সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় সভায় মুক্তাদির বলেন, ক্ষমতায় গেলে সংস্কৃতি চর্চার স্বাধীন পরিবেশ নিশ্চিত করা হবে এবং সংস্কৃতিকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে তোলা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ