ছবি:সংগৃহীত
সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
রোববার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও পালপাড়া এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পালপাড়া ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
এম এ মালিক বলেন, ‘আমি আপনাদের দোয়া চাই। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁদের জান্নাত নসিব করেন।’ তিনি নিখোঁজ নেতাদের প্রসঙ্গ তুলে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালনে আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। উন্নয়ন, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এম এ মালিক বলেন, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক অবকাঠামো উন্নয়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ-সবাই মিলেই আমরা বাংলাদেশি। সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনেরাও আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, যা অত্যন্ত আনন্দের।’
নারী ভোটারদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভোটের দিন মা-বোনদের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব সবাইকে নিতে হবে। কারণ প্রতিটি ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ দুই হাত তুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন খান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সফি, সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নেহার, সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সহসভাপতি সাদিকুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




