ছবি:সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হলো দক্ষ মানবসম্পদ। যুবসমাজকে কারিগরি ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে ব্যক্তি, পরিবার ও সমাজের পাশাপাশি দেশও উপকৃত হবে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর রুস্তুমপুর ও তোয়াকুল ইউনিয়নে আয়োজিত দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় এবং গোয়াইনঘাটের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মানবসম্পদকে কাজে লাগিয়ে অনেক দেশ আজ বিশ্বের শীর্ষে অবস্থান করছে। আমাদের বিপুল জনসংখ্যাকে যদি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা যায়, তবে তারাই হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান শক্তি। অন্যথায় এ জনশক্তি বোঝায় পরিণত হওয়ার আশঙ্কা থাকবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নে এখনো মানসম্মত সড়ক যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক চিকিৎসাসেবার ঘাটতি রয়েছে। বিশাল জনপদের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে শিল্প-কারখানা, হোটেল-মোটেল ও রেস্টুরেন্টসহ বিভিন্ন বিনিয়োগবান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্য প্রয়োজন নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টি করা, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন।
তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের ভালোবাসাই আমার শক্তি এবং তাদের দোয়াই আমার কাজের প্রধান অনুপ্রেরণা।
সমাবেশে ও পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, সহ-সভাপতি অ্যাডভোকেট নুর আহমদ ও উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বৃহত্তর রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান ও শামীম আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




