ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন: দক্ষিণ সুরমায় কাইয়ুম চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩২ AM

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন: দক্ষিণ সুরমায় কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ১১:৫৯:৩০ PM

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন: দক্ষিণ সুরমায় কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি রাজপথে চরম ত্যাগ স্বীকার করেছে। তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে আমরা রাজপথে রক্ত দিয়েছি। আমাদের নেতা ইলিয়াস আলীসহ দেড় হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছেন এবং জুলাই-আগস্টে ১৩ জন সহকর্মী শহীদ হয়েছেন। এসব ত্যাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই।’

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনই জনগণের সেই কাঙ্ক্ষিত সুযোগ। ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের পথ সুগম হবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন অফিস সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালেকের পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট-৩ আসনের ভোটারদের উদ্দেশে কাইয়ুম চৌধুরী বলেন, যোগ্য, সৎ ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে এম এ মালেককে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিন। তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক বলেন, দলের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার সিলাম বিরাহিমপুরে এসে বক্তব্য দিয়েছেন। তারেক রহমান এই এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, তাঁর সম্মান রক্ষার্থে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খাঁনের সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা রুমেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট এটিএম ফয়েজ, মহানগর বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকী খালেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, আফরোজ মিয়া, পাবেল রহমান, সুনাহর আলী সুহেল, যুবদল নেতা মকসুদুল করিম নুহেল, রাজু আহমেদ, নাছিম আহমেদ, সুহেল আহমদ ও সৈয়দ রাসেল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ