ছবি:সংগৃহীত
নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সর্বস্তরের জনগণকে ভোটকেন্দ্রে আনতে হবে এবং কোনো ধরনের চক্রান্তে পা দেওয়া যাবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন, ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে নারীদের উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নারীদের অবদান অনস্বীকার্য। পরিবারের অভাব-অনটন দূর করতে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ‘ইসলাম নারীকে যথাযোগ্য সম্মান ও অধিকার দিয়েছে। আমাদের মা-বোনদের ঘরের কোণে বন্দি না রেখে ইসলামী মূল্যবোধের গণ্ডির ভেতরে থেকেই দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।” নারীরা কারিগরি শিক্ষা ও সৃজনশীল কাজের মাধ্যমে স্বাবলম্বী হলে সমাজে তাদের মর্যাদা বাড়বে, পরিবারে স্বচ্ছলতা আসবে এবং সামাজিক অস্থিরতা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
নারীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঘরে বসেই কুটিরশিল্প, বুটিকস, অনলাইন ব্যবসা পরিচালনা ও সরকারি বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ তৈরি করতে হবে। আধুনিক প্রযুক্তি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীরা সহজেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে হবে।
এ সময় পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও এবিএম জাকারিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা তাঁতী দলের বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চিকনাগুল ইউনিয়নের সভাপতি ক্বারী মাওলানা আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




