ছবি:সংগৃহীত
সিলেট-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি ঐতিহাসিক সুযোগ। দীর্ঘ দেড় যুগ পর দেশ একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়েছে। তাই এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় জৈন্তাপুর সদরের মা মার্কেটে অবস্থিত জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রেসক্লাবে পৌঁছালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরসহ সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান।
মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তাপুরসহ সিলেট-৪ আসনের সার্বিক উন্নয়নে তার রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। বিশেষ করে অবহেলিত এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যুব ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মমুখী শিক্ষা বিস্তারে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান।
তিনি আরও বলেন, এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, গণমানুষের স্বার্থে উন্নয়ন কার্যক্রম ও মৌলিক অধিকার বাস্তবায়নে তারা নিজ নিজ অবস্থান থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল জব্বার (দাঃবা), সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মাসুক আহমেদ, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ, মুরাদ হাসান, ইমাম উদ্দিন, শোয়েব রানাসহ অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




