ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, দারিদ্র্য দূরীকরণে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। সাময়িক সাহায্য বা ত্রাণ দিয়ে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। স্বাবলম্বী পরিবার ও টেকসই সমাজ গড়ে তুলতে হলে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস, তেলিখাল ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বড় একটি অংশ তরুণ সমাজ। এই বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর না করলে পরিবার, সমাজ ও দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বেকারত্বের কারণে যুবসমাজ আজ মাদকসহ নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কর্মসংস্থান শুধু অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করে না, বরং সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনে।
তিনি আরও বলেন, তরুণদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। শুধু চাকরি কিংবা বিদেশমুখী হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। একজন উদ্যোক্তা হলে আরও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তিনি নির্বাচিত হলে তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। বিশেষ করে ফিশারি, পোল্ট্রি, কৃষি খামার ও হালাল ব্যবসার জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
এর আগে আরিফুল হক চৌধুরী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন।
সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো. নজীর আহমদ, হাজী আব্দুর রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি।
এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আতাউর রহমান, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আলম, ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বজলু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




