এবার ভোট হবে সবচেয়ে নিরাপদ’-সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৮ AM

এবার ভোট হবে সবচেয়ে নিরাপদ’-সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ১২:৩৯:২০ AM

এবার ভোট হবে সবচেয়ে নিরাপদ’-সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি:সংগৃহীত


অতীতের সব নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি অনেক উন্নত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার নগরীর সুবিদবাজার প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি জানান, নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা সৎ ও যোগ্য এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহণের দিন কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটে নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ, সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু কেন্দ্রে ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে। সার্বিকভাবে এবারের নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের গণভোট বিষয়ে ইসির নির্দেশনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এবং বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ