প্রাকৃতিক সম্পদ কাজে লাগালে গোয়াইনঘাটের যুগান্তকারী উন্নয়ন সম্ভব- আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৮ AM

গোয়াইনঘাটে গণসংযোগ-সমাবেশ

প্রাকৃতিক সম্পদ কাজে লাগালে গোয়াইনঘাটের যুগান্তকারী উন্নয়ন সম্ভব- আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ০৭:৪২:০৮ PM

প্রাকৃতিক সম্পদ কাজে লাগালে গোয়াইনঘাটের যুগান্তকারী উন্নয়ন সম্ভব- আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাটের বিপুল প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এ অঞ্চলের যুগান্তকারী উন্নয়ন সম্ভব।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও, ৯নং ডৌবাড়ী ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, অতীতে এই অঞ্চলের সম্পদ লুটপাট হলেও স্থানীয় জনগণ তাদের ন্যায্য উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এবার সময় এসেছে গোয়াইনঘাটবাসীসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। এলাকায় কলেজ, হাসপাতাল, মেডিকেল ও ক্লিনিক স্থাপন করতে হবে। বিশেষ করে নার্সিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। নারীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শান্তি ও নিরাপদ নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন। অথচ একটি মহল হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে দেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করতে অপচেষ্টা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ