ছবি:সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়, ভোট রক্ষা করতেও ভোটারদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, ভোটকেন্দ্রে উপস্থিত না থাকলে ভোট অন্য কেউ দিয়ে দেওয়ার আশঙ্কা থাকে। তাই শতভাগ ভোটারকে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিশ্চিত করে ফলাফল জেনে তবেই কেন্দ্র ত্যাগ করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ ও জাতির সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। যুবসমাজকে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে রাষ্ট্র পরিচালনা করা হবে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নারীপ্রধান পরিবারগুলোর জন্য চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’। কৃষকদের উৎপাদন বাড়াতে দেওয়া হবে ‘কৃষি কার্ড’। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো পূর্ণাঙ্গভাবে সচল করা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক জীবনযাপনের লক্ষ্যে তাদের বেতন বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, প্রয়াত নেতা এম. ইলিয়াস আলী যেভাবে এ অঞ্চলে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই ধারাবাহিকতায় ওসমানীনগরের সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচনা করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে সমান গুরুত্ব দিয়ে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের মাধ্যমে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী ১২ জানুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্সের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেন আহবাব, ইসলাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




