ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণ আবারও প্রমাণ করবেন-এই দুই উপজেলা বিএনপির দুর্বার ঘাঁটি। তিনি বলেন, বর্তমানে ঘরে ঘরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিতে মুখিয়ে রয়েছে।
বৃহস্পতিবার দিনভর ও বুধবার রাতে (২৮ ও ২৯ জানুয়ারি) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা, উঠানবৈঠক ও প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান চৌধুরী বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে পরিকল্পিতভাবে সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে, যাতে আগামী প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর তীর সংরক্ষণ ও নদীভাঙন রোধ প্রকল্পের মাধ্যমে এলাকাকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অভূতপূর্ব উন্নয়ন ঘটানো হবে ইনশাআল্লাহ।
এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উঠানবৈঠক, রামদা বাজারে গণসংযোগ ও পথসভাসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা।
এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মকবুল হোসেন কাশেমী, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক এমদাদ হোসেন টিপু, নিউজার্সি ইস্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ও মামুনুর রশীদ মামুন, ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি রুহেল আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্নাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




