শাবিপ্রবিতে পরিবেশবান্ধব যাতায়াতে যুক্ত হলো ইলেকট্রিক শাটল কার
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৯ AM

শাবিপ্রবিতে পরিবেশবান্ধব যাতায়াতে যুক্ত হলো ইলেকট্রিক শাটল কার

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ১০:৩৯:৪৭ PM

শাবিপ্রবিতে পরিবেশবান্ধব যাতায়াতে যুক্ত হলো ইলেকট্রিক শাটল কার

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত সুবিধা বাড়াতে ইলেকট্রিক শাটল কার সার্ভিস চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন–১ এর সামনে এ সেবার উদ্বোধন করা হয়।

ইলেকট্রিক শাটল কার সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। শাটল কারটি মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষ উপহার হিসেবে বিশ্ববিদ্যালয়কে প্রদান করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রিক শাটল কার বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে আরও টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে বলেও তিনি জানান। এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য। একই সঙ্গে তিনি মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। শাটল কার সার্ভিসের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, ক্যাম্পাসভিত্তিক যাতায়াতে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাউন্ট এডোরা হসপিটাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে. এম. আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াতসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ