নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য: খন্দকার আব্দুল মুক্তাদির
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৬ AM

১৪নং ওয়ার্ড মহিলা দল ও নাগরিক কমিটির মতবিনিময় সভা

নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য: খন্দকার আব্দুল মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ১০:৫৯:২৫ PM

নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই বিএনপির  প্রধান লক্ষ্য: খন্দকার আব্দুল মুক্তাদির

ছবি:সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) নগরীর ১৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিমের সার্বিক তত্ত্বাবধানে এবং ১৪নং ওয়ার্ড মহিলা দল ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তৃণমূল ও গ্রামীণ শ্রমজীবী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে বিশেষ সহায়তা দেওয়া হবে। নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রত্যেক গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে মা ও শিশুদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে, যাতে সামান্য অসুস্থতায় দূরে হাসপাতালে ছুটতে না হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘পল্লি চিকিৎসক’ ব্যবস্থার আদলে এই সেবা পুনরায় চালু করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা যেন পার না পায়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিএনপি নারীদের ঘরে আটকে রাখতে বিশ্বাসী নয়, বরং কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৪নং ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক রাজিয়া সুলতানা সাবানার সভাপতিত্বে এবং সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সিলেট ওমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি এবং নাগরিক কমিটির আহ্বায়ক আলী আশরাফ চৌধুরী খালেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দিপন, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান জনি, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মুমিনুর রহমান তানিম, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া, সাবেক ছাত্রনেতা ইসতিয়ার হোসেন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. উসমান রব্বানী। এ সময় ১৪নং ওয়ার্ড মহিলা দল, নাগরিক কমিটি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ