ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে ঘিরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে তৈরি হয়েছে ব্যাপক গণউন্মাদনা। প্রতীক বরাদ্দের পর দলের মনোনয়ন প্রত্যাশী সকল নেতা আনুষ্ঠানিকভাবে তাঁর প্রতি সমর্থন জানানোয় নির্বাচনী মাঠে বিএনপি এখন ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠানবৈঠক অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন,
‘একটি দল নানা প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা সেই ফাঁদে পা দেবেন না। দেশ গড়ার বাস্তবসম্মত পরিকল্পনা একমাত্র বিএনপিরই রয়েছে। আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে মানুষের চাওয়া-পাওয়া বোঝার চেষ্টা করছি। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নের মধ্য দিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশা আল্লাহ।”
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে সিল মেরে আমাকে আপনাদের সেবক হিসেবে জাতীয় সংসদে পাঠান।
এদিন জুমার নামাজ শেষে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এমরান আহমদ চৌধুরী।
এর আগে সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ গ্রামে আয়োজিত এক সভায় তিনি বক্তব্য রাখেন। স্থানীয় বিএনপি নেতা ময়নুল ইসলাম জিলফুরের সভাপতিত্বে ও মদাদুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মাসুক আহমদ, ছমির উদ্দীন, আব্দুস সালাম, দুলাল আহমদ, বাদশা আহমদ, খালেদ আহমদ, ফখরুল ইসলাম, পারভেজ আহমদ, জুবের আহমদ, মস্তাক আহমদ, জাহাঙ্গীর হোসেন, রাহুল আহমদ সাহেল, সালে আহমদ গেদা, ফেরদৌস আলম ও মিজুবুর রহমান।
এদিকে বৃহস্পতিবার বিকাল ও রাতে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চৌঘরী বাজার এলাকায় ধানের শীষের পক্ষে পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
দুই বিশিষ্টজনের মৃত্যুতে শোক
এছাড়া সিলেট-৬ আসনের দুই বিশিষ্ট ব্যক্তি-গোলাপগঞ্জ এমসি একাডেমির সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




