ফাইল ছবি
সিলেট মহানগরীর লাক্কাতুরা এলাকায় একটি কবরস্থান থেকে বিপুল পরিমাণ গুলিসহ একটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (৩০ জানুয়ারি) র্যাবের গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে লাক্কাতুরা চা বাগানের গলফ ক্লাব সংলগ্ন গোরস্তান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ারগান এবং ৯৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধার করা আলামতগুলো সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
র্যাব সূত্র আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




