ছবি:সংগৃহীত
সিলেটের ব্যবসা ও অর্থনীতির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেটের সচেতন ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ। শুক্রবার (৩০ জানুয়ারি) সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মতামত ব্যক্ত করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আমিনুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর-জটিলতা, হয়রানি ও অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এ অবস্থা থেকে উত্তরণে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও ব্যবসাবান্ধব সরকার প্রয়োজন, যা কেবল বিএনপির নেতৃত্বেই সম্ভব বলে তাঁরা মন্তব্য করেন।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা জানান, সিলেটের মাটি ও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতকে শক্তিশালী করতে সিলেটের সচেতন ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে তাঁর নির্বাচনী প্রচারণায় কাজ করবে।
এ সময় জানানো হয়, ব্যবসা ও অর্থনীতির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে আগামী ৫ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহণে আনুষ্ঠানিক প্রচারণা কর্মসূচি শুরু করা হবে।
সভায় সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, দোকান মালিক সমিতি, বাজার কমিটি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




