নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মুসআব আমীনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাত ১০ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিভিন্ন বিভাগের হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জানাজা শেষে মরদেহ মুসআবের নিজ বাড়ি গাজীপুরে নেওয়ার কথা রয়েছে। সেখানে আরেক দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।মুসআব আমীন বুকভরা স্বপ্ন নিয়ে এসেছিলেন শাবিপ্রবির ক্যাম্পাসে। যে ক্যাম্পাসে তার স্বপ্ন বুননের কথা ছিল, সেই ক্যাম্পাস থেকেই আজ তাকে জানানো হলো শেষ বিদায়। নিথর দেহে ফিরতে হলো প্রিয় ক্যাম্পাস ছেড়ে,চিরদিনের জন্য।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় সারী নদীর সাহেব মারা ড্রয়ার নামক স্থানে চোরাবালিতে আটকা পড়ে নিখোঁজ হন মুসআব। তিনি সেখানে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন বলে জানা গেছে।
নিখোঁজের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানার পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল আনুমানিক ৪টার দিকে নদীর চোরাবালিতে তলিয়ে যাওয়া অবস্থায় মুসআবের নিথর দেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, উদ্ধারকৃত মরদেহটি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুসআব আমীন শাবিপ্রবির ইইই বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা বলছেন, মুসআব ছিলেন শান্ত, ভদ্র ও স্বপ্নবাজ একজন তরুণ,যার জীবন থেমে গেল খুব অসময়ে।
জৈন্তাবার্তা/সুলতানা




