সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপের চাপায় শিশু নিহতের ঘটনায় ওই পিকআপের চালক সুমন আহাম্মদকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৩১ জানুয়ারি) জৈন্তাপুর থানার পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে জৈন্তাপুর থানাধীন বাঘের সড়ক বাজার থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন জৈন্তাপুর থানার লামনিগ্রাম নজরুল ইসলামের ছেলে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে র্যাব এসব তথ্য জানায়।
র্যাব জানায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর বিকেলে খলিল মিয়া তার স্ত্রী এবং ছেলে-মেয়েকে নিজের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠিয়ে দেন। অটোরিকশাটি যাত্রী নিয়ে আসামপাড়া যাওয়ার পথে জৈন্তাপুর থানাধীন আসামপাড়া ব্রিজের দক্ষিণে পৌঁছামাত্র সিলেটগামী একটি পিকআপ অটোরিকশাকে চাপা দেয়।
এ সময় মামলার বাদীর স্ত্রী ও ছেলে-মেয়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদিয়া আক্তারকে (৬) মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জৈন্তাপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে চালক সুমন আত্মগোপনে চলে যান।
জৈন্তা বার্তা/আরআর




