ছবি:সংগৃহীত
র্সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিএনপি মানেই উন্নয়ন, বিএনপি মানেই জনগণের অধিকার। বিএনপি ক্ষমতায় গেলে কাগুজে নয়, বাস্তব উন্নয়ন হবে। রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানসহ দেশের প্রতিটি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজারে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেট-২ আসন দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ভাঙাচোরা রাস্তা, উন্নয়নের নামে বৈষম্য ও অব্যবস্থাপনার চিত্র আর দেখতে চায় না এ এলাকার মানুষ। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই জনপদের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত। গ্রাম থেকে হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, স্বাস্থ্যখাতে আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে এবং ইউনিয়ন পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। শিক্ষাখাতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উন্নত শিক্ষা পরিবেশ সৃষ্টি করা হবে। যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, আর কোনো তরুণকে বেকার হয়ে বসে থাকতে হবে না। তাদের হাতে তুলে দেওয়া হবে কাজ, দক্ষতা ও মর্যাদার সুযোগ।
এম. ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এম. ইলিয়াস আলী শুধু একজন নেতা নন, তিনি এই এলাকার ভালোবাসার নাম ও প্রতিবাদের প্রতীক। আজ আমি তাঁর সহধর্মিণী হিসেবে নয়, আপনাদের একজন সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। ধানের শীষে ভোট দেওয়া মানেই অন্যায়, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে শক্ত জবাব দেওয়া।’ তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভয় নয়-ভোট দিন, লোভ নয়-ভোট দিন। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনুন। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।’
স্থানীয় বিএনপি নেতা মাসুদ আহমদের সভাপতিত্বে এবং বিএনপি নেতা রাজা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নূল হক, জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, শাহ মো. এহিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মো. জামাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী মুসলিমা আক্তারসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




