সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন
নিহত ইসমাইল হোসেন মুক্তাপুর গ্রামের আবুল হারিছের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ইসমাইল হোসেন নিজ বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির জয়নাল আহমদের ছেলে লোকমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে লোকমান ও তার সহযোগীরা ইসমাইল হোসেনকে ছুরিকাঘাত করে। এতে ইসমাইল হোসেন ও তার মা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইলের অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।